২৯ জুন ২০১৫ - ০৬:৫৭
কুয়েতে মসজিদে হামলাকারী সৌদি নাগরিক

কুয়েতের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলাকারী সৌদি নাগরিক।

আবনা ডেস্ক : কুয়েতের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলাকারী সৌদি নাগরিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার সরকারি বার্তা সংস্থা কুনা জানায়, হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। তার নাম ফাহদ সুলায়মান আবদুল মোহসিন আল কাবা।
মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, হামলার দিন সকালে সে কুয়েত বিমানবন্দর দিয়েই দেশটিতে প্রবেশ করে। মন্ত্রণালয় বিস্তারিত আর কিছু উল্লেখ করেনি।
উল্লেখ্য, কুয়েতের আল ইমাম আল সাদেক মসজিদে চালানো আত্মঘাতী হামলায় ২৬ জন শহীদ ও ২২৭ জন আহত হয়। সন্ত্রাসী গ্রুপ আইএসআইএল এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
এদিকে কুয়েতে শিয়া মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় আত্মঘাতী হামলাকারী ব্যক্তিকে বহন করে আনা গাড়িটির চালককে গ্রেফতার করেছে পুলিশ। হামলাকারী সন্ত্রাসী যে বাড়িতে থাকত, সেই বাড়ির মালিককেও আটক করেছে প্রশাসন। আটককৃত বাড়ির মালিক ‘মৌলবাদী ও বিপথগামী মতাদর্শ’ অনুসরণ করা একজন কুয়েতি নাগরিক বলে জানিয়েছে কুয়েতের বার্তা সংস্থা কেইউএনএ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির সূত্র উল্লেখ করে এসব তথ্য জানানো হয়।
এছাড়া গ্রেফতারকৃত গাড়িচালক আবদুল রহমান সাবাহ এইদান সৌদকে আখ্যায়িত করা হয়েছে ‘অবৈধ বাসিন্দা’ হিসেবে। ২৬ বছরের যুবক ওই গাড়িচালক কুয়েতের রাজধানী শহরে অবস্থিত আল ইমান আল সাদেক মসজিদে আত্মঘাতী হামলাকারী সন্ত্রাসীকে নিয়ে গিয়েছিলেন।
আইএসআইএলে'র ওই হামলায় শহীদ ২৬ জনের মধ্যে ১৮ জনের জানাজায় হাজারো মানুষ মাথার ওপর প্রখর রোদ উপেক্ষা করে অংশ নেয়ার পর এ গ্রেফতারের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।#